ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়ার নৌকাডুবিতে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের চারজনই নারী। নিহতেরা হলেন- সুমি (১৪), সাজেদা (২৬), রিনা আক্তার (২০) ও অজ্ঞাত এক নারী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের সবার বাড়ি রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেট গ্রামে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ থেকে সরকারের পক্ষ থেকে দেয়া বিশেষ ভিজিএফ চাল নিয়ে বাড়ি ফেরার পথে বড়বিলা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।
ফুলবাড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।