সিসিনিউজ: ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় স্ত্রী জয়ন্তী সরকার (৩৮) এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী সাংবাদিক পান্না বালাকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরের দিকে আটক পান্না বাালাকে ফরিদপুরের ১ নং আমলী আদালতের বিচারক মৃত্যুঞ্জয় মিস্ত্রী রোববার জামিন শুনানীর দিন ধার্য্য করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এর আগে শুক্রবার গভীর রাতে তাকে ঝিলটুলীস্থ বাসভবন থেকে আটক করা হয়। পান্না বালা দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হক জানান, শুক্রবার সকাল আটটার দিকে পুলিশ ঝুলন্ত অবস্থায় জয়ন্তী সরকারের মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জয়ন্তী সরকারের ভাই মনোজ কান্তি সরকার বাদি হয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, যৌতুকের জন্য জয়ন্তী সরকারকে হত্যা করা হয়েছে।
নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়া ইউনিয়নের ব্রাহ্মণপাটনা গ্রামের সুরেন্দ্রনাথ সরকারের মেয়ে জয়ন্তীর সাথে পান্না বালার বিয়ে হয় ১২ বছর আগে । রাজশ্রী কস্তুরী বালা (১০) নামে তাদের একটি মেয়ে রয়েছে।
এ প্রসঙ্গে পান্না বালা বলেন, ‘শুক্রবার সকাল সাতটার দিকে ঘুম থেকে জেগে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখেই পুলিশ ও সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানাই।’
তিনি বলেন, ‘যৌতুক চাওয়ার প্রশ্নই ওঠে না। বিয়ের সময়ও আমি এ নিয়ে কোনো কথা বলিনি। আমার পরিবার সব সময় যৌতুকের বিরুদ্ধে।’
স্ত্রীর আত্মহত্যার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো দাম্পত্য কলহ ছিল না। তবে সে (জয়ন্তী) একটু জেদি প্রকৃতির ছিল। মেয়ে ঠিকমতো লেখাপড়া না করায় সে হতাশ ছিল। এ ছাড়া আর কিছুই জানি না।’
মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, মৃতদেহের থুতনির নিচে অর্ধচন্দ্রাকৃতির হালকা দাগ রয়েছে। এর নিচে গলায় গভীর বৃত্তাকার দাগ রয়েছে।
এ ছাড়া হাতের আঙুলগুলো সামান্য নীল ছিল। ঝুলন্ত অবস্থায় মৃতদেহের নিচে একটি চেয়ার উল্টানো অবস্থায় পাওয়া গেছে।