ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুলের প্রথমিক শুনানি শেষ হয়েছে। বুধবার বিসিবি কর্তৃক গঠিত ট্রাইব্যুনালে প্রাথমিক শুনানি শেষে দ্বিতীয় শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে দ্বিতীয় শুনানি। ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে এই দ্বিতীয় শুনানির মধ্য দিয়েই শেষ হবে শুনানি কার্যক্রম। অর্থাৎ এটিই হতে যাচ্ছে চূড়ান্ত শুনানি।
এর আগে নিজের শাস্তি কমানোর জন্য ট্রাইব্যুনাল কর্তৃক আপিল করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এছাড়াও বিসিবি’র গঠিত এই ট্রাইব্যুনালে আপিল করেছেন সাজাপ্রাপ্ত শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশক লোকুয়ারাচ্চি, ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যাবস্থাপনা পরিচালক শিহাব জিসান চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়াম লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয় আশরাফুলকে। পাশাপাশি দশ লাখ টাকা জরিমানাও করা হয় ঢাকা গ্ল্যাডিয়েটরসের এই ক্রিকেটারকে।
সেই সাথে একই অভিযোগে ট্রাইব্যুনালে নির্দোষ প্রমাণিত হন ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরী, দলের বোলিং কোচ জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক, ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল, মাহবুবুল আলম ও ইংলিশ ক্রিকেটার ড্যারে স্টিভেন্স।
তবে এদের নির্দোষ প্রমানিত হওয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।