দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নকল কীটনাশক ওষুধ তৈরী কারখানার মালিকসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার বিকেলে শহরের লিলিরমোড়ে অবস্থিত রিলেশন চাইনিজ রেষ্টুরেন্টের তৃতীয় তলায় নকল কীট নাশক ওষুধ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কারখানার মালিক সিদ্দিকুর রহমান (৪০) ও তার ভাই মিজানুর রহমান (৩৫)। আটক দু’জন পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার গৌরীপুর গ্রামের আবুল বাসারের ছেলে। তারা দিনাজপুর শহরের বালুবাড়ীয় এলাকায় ভাড়া বাড়ীতে থাকতো।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রোববার বিকেলে এই নকল কীটনাশক ঔষুধ তৈরীর কারখানার অভিযান চালায়। এ সময় ১৪০৫ বোতল নকল কীটনাশক, কয়েকশ’ খালি বোতল, কর্ক লাগানোর মেশিন, ভিজিটিং কার্ড, বোতলের গায়ে লাগানো লেভেলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
ঢাকার জয়েন্ট এগ্রো কোম্পানীর নাম করে ভূয়া ও ভেজাল “এগ্রি গ্রীণ পাওয়ার” নামক কীটনাশক ও ভিটামিন সার বাজারজাত করে আসছিল। কোন ধরনের বৈজ্ঞানিক ও রাসায়নিক দ্রব্য পরীক্ষা-নিরীক্ষা না করেই ভেজাল উপাদানে পানি মিশিয়ে ভূয়া লেবেল লাগিয়ে ৫শ’ ও ১শ’ মিলি মিটার বোতলে বাজারে বিভিন্ন সার ব্যবসায়ীদের মাধ্যমে কৃষকদের নিকট বিক্রি করে আসছিল।
দিনাজপুর ডিবি পুলিশের ওসি রেজওয়ানুল রহিম জানান, এ ব্যাপারে বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। আটক দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে।