বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে দু’জন নিহত ও ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দামোদরপুর ইউনিয়নের ভাংড়ির ঘাটে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, এদিন হাটবার থাকায় বদরগঞ্জ শহরে পায়ে হেঁটে আসছিলেন এলাকার লোকজন। কিন্তু হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত শুরু হলে পথচারিরা ভাংড়ির ঘাট নামক স্থানে একটি ঘড়ের চালার নীচে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। আর মারাত্মক আহত হন ক্ষীতিশ রায়(৫০), সোহাগ(১৭), জান্তিবালা(২৫), গজেন(৩৫), রেখা(৩০), শ্যামলী(৩০)। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় ক্ষীতিশ রায় মারা যান। এছাড়া সোহাগের শারিরীক অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম পলাশ ক্ষীতিশ রায়ের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, রফিকুল নামে কেউ একজন স্পটেই মারা গেছেন বলে শুনেছি। এছাড়া সোহাগকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা পুরোপুরি আশঙ্কামুক্ত বলে তিনি দাবি করেন।