সিসি ডেস্ক: বিএনপির পর এবার আওয়ামী লীগের মধ্যেও জামায়াতীকরণ চলছে বলে মন্তব্য করেছেন ঐক্য নাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ (র.) এর ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ গণ-আজাদী লীগ এ সভার আয়োজন করে।
পঙ্কজ বলেন, ‘জামায়াতে ইসলামী ও তাদের সঙ্গি সাথি জঙ্গিরা আজ সারা দেশে তৎপর। তারা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দেশে ধর্মান্ধতা ছড়াচ্ছে। অথচ সরকার কোথায় আছে জানি না।’
বর্ষীয়ান এ নেতা বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ আজ আক্রান্ত। এক দেশে যখন যুদ্ধাপরাধীর বিচার হয় অন্য দেশে তখন নিন্দা প্রস্তাব পাশ হয়।’
তিনি বলেন, ‘বিপদ আসন্ন। আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে এ সরকারকে তারা পরিবর্তন করবে। যেটা তারা লিবিয়া, আফগানিস্তান, ইরাকে করেছে সেটা বাংলাদেশেও করবে।’
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, গড় আয়ু বৃদ্ধিসহ সরকারের অনেকগুলো ভালো কাজ আজ তলিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘কেন আপনাদের ভালো কাজগুলো তলিয়ে যাচ্ছে খোঁজে বের করুন।’
তিনি বলেন, ‘আমি সারা বাংলাদেশ ঘুরে এসেছি। আজ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোথায় দেখছি না। সাধারণ মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ফিকে হয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যে প্রচারণা চালাচ্ছে পক্ষের শক্তির সে প্রচারনা নেই।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আজ জাতি আক্রান্ত। জাতিকে মুক্ত করার জন্য জাতীয় নেতার প্রয়োজন। একজন বঙ্গবন্ধু হতে না পারলেও একগুচ্ছ জাতীয় নেতা আমাদের তৈরি করতে হবে তাহলেই জাতি মুক্তি পাবে।’
তর্কবাগিশ সমন্ধে মন্তব্য করতে গিয়ে পঙ্কজ ভট্রাচার্য বলেন, ‘মাওলানা আবদুর রশিদ তর্কবাগিশ এমন একজন নেতা যিনি বৃটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আবার স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে ও নেতৃত্ব দিয়েছেন। তার মত নেতার অভাব আজ প্রকট হয়ে দেখা দিয়েছে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এসকে সিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসাইন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, সংগঠনের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম আশরাফী মাইজ ভাণ্ডরি প্রমুখ।