সিসি নিউজ: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নীলফামারীর কিশোরগঞ্জে লাঠির আঘাতে অঞ্জলী রানী (৫০) নামের এক গৃহবধু মারা গেছেন। রোববার বিকেলে উপজেলার দক্ষিন বাহাগিলি হিন্দুপাড়ার এ সংঘর্ষের ঘটনায় আরো অন্তত নয়জন আহত হয়েছেন। নিহত অঞ্জলী রানী ঐ গ্রামের সন্তোষ কুমার রায়ের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, ওই গ্রামের সন্তোষ কুমার রায়ের দখলে থাকা ১৬ শতাংশ জমির রোপিত আমন চারা তুলে ফেলে একই এলাকার প্রদীপ কুমারের লোকজন। এতে সন্তোষ কুমার রায়ের স্ত্রী অঞ্জলীসহ লোকজন বাধা দিতে গেলে প্রতিপক্ষরা তাদের ওপর লাঠি সোডা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই লাঠির আঘাতে অঞ্জলী রানী মারা যান।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সুধা রানী (৩০), প্রদো বালা (৭৩) ও অম্মৃত কুমার রায়(১৮) এবং চক্রবর্তী (৩০) নামের চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসতালে স্থানান্তরিত করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় প্রদীপ কুমার রায় (৪০) ও জ্যোতিষ চন্দ্র রায় (৪৫) নামের দুই জনকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রন করে দুই জন আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।