দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল আলোক সজ্জা, র্যালী, আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ইত্যাদি।
বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় জেল রোডস্থ ইনস্টিটিউট মাঠ থেকে রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ডসহ বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। র্যালীর নেতৃত্বে দেন জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু।
র্যালিতে জেলা বিএনপি’র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলম, কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ সিরাজ আলী সরকার, জেলা মহিলাদলের যুগ্ম আহবায়ক নাজমা মসির, পৌর মহিলাদলের আহবায়ক শাহিন সুনতানা বিউটিসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতয়ালী বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলা, মুক্তিযোদ্ধা দল, তরুনদল, মৎস্যজীবী দল, জাসাস ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করেন। এর আগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।