মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর-সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের টাঙ্গন নদীর ব্রিজটি পূনঃনির্মাণ না করায় এলাকাবাসীর দূর্ভোগ চরমে পৌঁছেছে। গত বছরের আকস্মিক বন্যায় ব্রিজটি ভেঙ্গে যাওয়ার এক বছর অধিক সময় অতিবাহিত হলেও ব্রিজটি আজো নির্মাণ না হওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম দূর্ভোগে পড়েছে। ব্রিজটি নির্মাণ না হওয়ায় পাশবর্তী ডাইভারশন রাস্তা তৈরী করে জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন ধরনের যানবাহন ও পথচারীরা পাড়াপাড় হচ্ছে।
বোচাগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের এসও মোঃ গণি জানান, ২০১৩ সালের আকস্মিক বন্যায় দিনাজপুর-সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের টাঙ্গন নদীর সাগুনি ছোট ব্রিজটি পুরো ধসে পড়ে। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী অফিস কর্তৃক প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নতুন করে নির্মাণ করার টেন্ডার দেয়া হলে দিনাজপুরের জনৈক নুরু ঠিকাদার নির্মাণ কাজ শুরু করেন। ঠিকাদার যথারিতী ব্রিজের পাইলিং করার পর ফান্ডের অভাবের কারনে কাজ বন্ধ রাখা হয়।
বর্তমানে কাজ বন্ধ থাকায় এই রাস্তা দিয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর, রানীশংকৈল, পীরগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ সেতাবগঞ্জ হয়ে দিনাজপুর-রংপুর-বগুড়া ও ঢাকায় যাতায়াত করে থাকেন। পাশাপাশি এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্যা বাস, মিনিবাস, ঢাকাগামী কোচ, ট্রাকসহ অস্যংখ্য যানবাহন চলাচল করে থাকে। কিন্তু ব্রিজটি মেরামত না হওয়ায় পাশবর্তী কাঁচা ডাইভারশনের নিচু রাস্তা দিয়ে ঝুকি নিয়ে যানবাহন ও যাত্রীদের পারাপার হতে হচ্ছে। এলাকাবাসী ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।