খেলাধুলা ডেস্ক: চেলসির কোচ হোসে মোরিনহো দিয়েগো কোস্তা সোনালি ছন্দে ফিরে আসায় উচ্ছ্বসিত৷ সঠিক সময়েই কোস্তা ছন্দে ফিরেছেন বলে মনে করছেন তিনি ৷ চলতি মৌসুমে ৪০.৪ মিলিয়ন ইউরো খরচ করে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে কোস্তাকে নিয়ে এসেছে চেলসি ৷
সেই টাকা জলে যায়নি বলে মনে করছে চেলসি কর্তারা৷ সোয়ানসির বিরুদ্ধে হ্যাটট্রিক করার পরে কোস্তা প্রসঙ্গে মোরিনহো বলেছেন, ‘ দিয়েগো কোস্তার মতো স্ট্রাইকারকে নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে চেলসিকে ৷ ওর মতো স্ট্রাইকারকে নিয়ে সঠিক কাজ করেছেন কর্তারা ৷
কোস্তার ছন্দে ফেরাতে দলের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে ৷’ প্রিমিয়র লিগে চার ম্যাচে সাতটি গোল করেছেন কোস্তা ৷ চোট কাটিয়ে ওঠার পরে হ্যাটট্রিকও করলেন তিনি ৷ তাই কোস্তাকে নিয়ে উচ্ছ্বসিত মোরিনহো৷ তিনি আশা করছেন কোস্তা আরও গোল করবেন প্রিমিয়র লিগে ৷