রংপুর: মালিক সমিতির সন্ত্রাসীদের দ্বারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এসময় তারা বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি, এসপিরকাছে ও স্মারকলিপি দেয়া তারা। দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী শনিবার থেকে আবারো শুরু করার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
দুপুরে নগরীর ট্রাকস্ট্যান্ড থেকে একটি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল ও সাধারণ সম্পাদক এমএ মজিদের নেতৃত্বে একটি বিক্ষোভ বের হয়।
মিছিলটি নগরীর শাপলা, হাজাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর সুপার মার্কের্ট হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মোটর শ্রমিকদের একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনার, ডিআইজি ও ডিসির কাছে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে বলা হয়, গত ৭ তারিখে মালিক সমিতির সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর, তিনটি মোটর সাইকেলসহ ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করে।
এ সময় সস্ত্রাসীদের হামলায় ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি আনোয়ারুল ইসলাম স্ট্রোক করে। বর্তমানে তার একটি হাত ও একটি পা প্যারালাইসড হয়েছে।
এছাড়াও গুরুতর আহত তারাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলনকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে শ্রমিকদের পক্ষ থেকে যে ক্ষতিপুরণ চাওয়া হয়েছিল তা এখনো দেয়া হয়নি। বরং উল্টো হুমকি ধামকি দেয়া হচ্ছে।
স্মারকলিপিতে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান, সিটি করপোরেশন কর্তৃক অবৈধ টোল আদায় উত্তোলন বন্ধ, অবৈধভাবে দেয়া রংপুর জেলা পিকআপ শ্রমিক ইউনিয়নের লাইসেন্স বাতিল, অবৈধ ব্যাটারী চালিতা অটো রিকশা কমিটি বাতিল, মাহসড়কে নছিমন, করিমন, ভটভটি, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অবৈধ অটোবাইক বন্ধের দাবি জানানো হয়।