ঢাকা: ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রথম শ্রেণীর এক হাজার ৮০৩টি পদে কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে মঙ্গলবার পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবরের মধ্যে বিসিএসে অংশ গ্রহণের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে।
বিজ্ঞাপন অনুযায়ী ৩৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে নতুন নিয়মে। এতে আগের ১০০ নম্বরের স্থলে ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ পদ্ধতি অনুসরন করা হবে। একই সঙ্গে বিসিএসে আবেদন ফরমের দাম ২০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে।
তবে প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদনপত্রের দাম ১৫০ টাকা কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। এছাড়া মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। তবে লিখিত পরীক্ষায় পাস নম্বর আগের মতোই ৫০ শতাংশ রয়েছে।
এছাড়া সংশোধিত নিয়মে কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি কোনো নম্বর পাননি বলে বিবেচিত হবেন। এটি আগে ছিল ২৫ শতাংশ।
৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১৯ মাস পর এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এর আগে সর্বশেষ ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।