ঢাকা: দুই দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবার চালু হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজের সব ফ্লাইট।
একই সঙ্গে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীকে পুনরায় ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
শুক্রবার ছয় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ।
সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের পর এয়ারলাইন্সটিতে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়। এরপর মঙ্গলবার ও বুধবার ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেয়। একপর্যায়ে বৃহস্পতিবার থেকে ইউনাইটেডের সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতে বিদেশে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। এরজন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে।
ইউনাইটেডের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৮৪ কোটি টাকা পাবে। এছাড়া জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও লিজ ভাড়া বাবদ ইউনাইটেড এয়ারওয়েজের আরো প্রায় ৫০ কোটি টাকা দেনা রয়েছে। অর্থ সংকটের কারণে জ্বালানি কিনতে না পারায় ফ্লাইট বন্ধ করে দিতে বাধ্য হয় এয়ারওয়েজটি।