নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী বাজারে দুবলীগের দুই গ্রুপের মংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত পৌণে বারো টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রাত পৌণে বারোটার দিকে জলঢাকা উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুরের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা কৈমারী বাজারে পূজা মন্ডব পরিদর্শণে যান। এসময় পূর্ব বিরোধের জের ধরে বাহাদুরের অনুসারী ও কৈমারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদার রহমান লেলিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ যুবলীগ কর্মী আহত হন। আহতদের মধ্যে বাবু, শাহীনুর, রব্বানী, মানিক, মহির ও আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, আমরা কৈমারী বাজারে পৌছালে লেলিনের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী লাঠিশোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার চার কর্মী আহত হন।
তবে মকছুদার রহমান লেলিন বলেন, বাহাদুর ভিজিএফ এর চাল চুরি করে কালোবাজারে বিক্রি করলে যুবলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে বাহাদুরের সন্ত্রাসীরা আমার লোকজনের ওপড় হামলা চালায়। এ ঘটনায় আমার অন্তত চার কর্মী আহত হয়েছেন। আমি তাদের নিয়ে রংপুর মেডিকেলে যাচ্ছি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার এ.এম.এম. সাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।