খেলাধুলা ডেস্ক: সাবেক অসি পেসার গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটের ষষ্ঠ উইকেট শিকারি বোলার এখন পাকিস্তানি স্পিনার শহিদ আফ্রিদি।
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে মাঠে নামার আগে ৩৮৩টি ওয়ানডে ম্যাচ খেলে শহিদ আফ্রিদির উইকেট শিকার সংখ্যা ছিল ৩৮১টি। আর ওয়ানডেতে উইকেট শিকারের দিক থেকে ছিলেন সপ্তম স্থানে।
অপরদিকে ২৫০টি ওয়ানডে খেলে ৩৮১ উইকেট শিকার করে ষষ্ঠ স্থানে ছিলেন সাবেক অসি পেসার গ্লেন ম্যাকগ্রা।
রোববার ক্যারিয়ারের ৩৮৪তম ওয়ানডে ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অসি ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়ানডেতে তার উইকেট শিকার সংখ্যা দাঁড়ায় ৩৮২টি। সেইসাথে গ্রেন ম্যাকগ্রাকে পেছনে ফেলে ওয়ানডের ষষ্ঠ উইকেট শিকারি বনে যান শহিদ আফ্রিদি।
রোববার তার নিজের করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে কট অ্যান্ড বোল্ড করে এই রেকর্ড গড়েন আফ্রিদি।
ওয়ানডেতে আফ্রিদির বেস্ট বোলিং হচ্ছে ১২ রান খরচায় ৭ উইকেট শিকার। নয় বার পাঁচ উইকেট এবং চার বার চার উইকেট শিকার করেছেন তিনি। ৩৮৪টি ওয়ানডে ম্যাচ খেলা হলেও আফ্রিদি টেস্ট ম্যাচ খেলেছেন মাত্র ২৭টি। এই ২৭ টেস্টে তার উইকেট শিকার সংখ্যা ৪৮।
৫৩৪ উইকেট শিকার করে ওয়ানডের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হচ্ছেন সাবেক লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
ওয়ানডের সেরা ১০ বোলার হচ্ছেন: মুত্তিয়া মুরালিধরন-শ্রীলঙ্কা (৫৩৪), ওয়াসিম আকরাম-পাকিস্তান (৫০২), ওয়াকার ইউনিস-পাকিস্তান (৪১৬), চামিন্দা ভাস-শ্রীলঙ্কা (৪০০), শন পোলক-দক্ষিণ আফ্রিকা (৩৯৩), শহীদ আফ্রিদি-পাকিস্তান (৩৮২), গ্লেন ম্যাকগ্রা-অস্ট্রেলিয়া (৩৮১), ব্রেট লি-অস্ট্রেলিয়া (৩৮০), অনিল কুম্বলে-ভারত (৩৩৭) এবং সনৎ জয়সুরিয়া-শ্রীলঙ্কা (৩২৩)। সূত্র: ওয়েবসাইট