ঢাকা: ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের সময় বাদ পড়া যোগ্য ব্যক্তিদের ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। নিকটস্থ রেজিস্ট্রশন কেন্দ্রে গিয়ে তারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন।
আসাদুজ্জামান বলেন, ‘ঢাকা মহানগরীতের ভোটার তলিকা হালনাগাদের লক্ষ্যে রেজিস্ট্রশন কেন্দ্র সমূহে ছবি তোলা ও রেজিস্ট্রশন কার্যক্রম চলছে। যারা ভোটার নিবন্ধনের জন্য ফরম পূরণ করেছেন তারা নির্ধারিত দিনে ও রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে ছবি তুলে নিবন্ধন হতে হবে।’
তিনি আরো বলেন, ‘যারা ভোটার হওয়া যোগ্য কিন্তু বাড়ি গিয়ে পাওয়া যায়নি এমন ব্যক্তিরা প্রযোজনীয় দলিলদিসহ সংশ্লিষ্ট এলাকার নিবন্ধন কেন্দ্রে গিয়ে সরাসরি দুই নম্বর ফরম পূরণ করে ভোটার হতে পারবেন।’
ভোটার হওয়ার জন্য এসএসসি সনদ, জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, বাবা মায়ের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা আইডি নম্বর ও ইউটিলিটি বিল ইত্যদির কপিসহ নিবন্ধন কেন্দ্র যেতে হবে।
প্রসঙ্গত, গত ১৫ মে থেকে তিনটি ধাপে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। ইতোমধ্যে দুটি ধাপের হালনাগাদ কাজ শেষ হয়েছে। এখন তৃতীয় ধাপে ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ছবি তোলা ও রেজিস্টেশন কাজ চলছে। ১৫ নভেম্বর হালনাগাদের কাজ শেষ হবে।