দিনাজপুর প্রতিনিধি: জেলার বীরগঞ্জে নবীন চন্দ্র সাহা (৫০) নামে এক ব্যবসায়ীকে সর্বহারা পরিচয় দিয়ে বাড়িতে তাজা বুলেটসহ চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
নবীন চন্দ্র সাহা বীরগঞ্জ পৌর শহরের মৃত ধীরেন চন্দ্র সাহার ছেলে। তিনি ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী। এ ঘটনায় সোমবার রাত ১০টায় বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
ব্যবসায়ী নবীন চন্দ্র সাহার কাছে রবিবার রাতে বুলেট ও চিঠিটি পাঠানো হয়। চিঠিতে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে দুই ছেলেসহ ওই ব্যবসায়ীকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
নবীন সাহা বলেন, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে সর্বহারা পরিচয় দিয়ে আমার বাড়ির প্রবেশ পথে দরজার ছাদে একটি জরুরি চিঠি আছে বলে জানান। রাতে বাড়ি ফিরে ছাদে একটি খাম পাই। খামটি খুলে দেখি সেখানে একটি তাজা বুলেট ও একটি চিঠি রয়েছে। চিঠিতে নিজেদের সর্বহারা পরিচয় দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। তা না হলে ২ ছেলেসহ আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ওই চিঠিতে এমন আরও ৯ ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
পরিবারে সদস্যদের সঙ্গে আলোচনা করে লিখিতভাবে বীরগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করে চিঠি ও বুলেটটি থানায় জমা দেয়া হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় সোমবার রাত ১০টায় বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হুমকিদাতাদের সনাক্তে ও গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।