বগুড়া: বিপুলসংখ্যক পুলিশের পাহারারত বগুড়ায় আওয়ামী লীগ অফিসের ভেতর প্রতিপক্ষের ছুরিকাঘাতে বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক খুন হয়েছেন।
নিজ দলের যুগ্ম আহ্বায়ক সবুজ সওদাগরের ছুরিকাঘাতে বঙ্গবন্ধু সৈনিক লীগের বগুড়া জেলা কমিটির আহ্বায়ক শিমুল হক রেহান (৩৫) খুন হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে।
এ ঘটনার পরই প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়েছেন সবুজ সওদাগর। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সময় আওয়ামী লীগ অফিসে উপস্থিতরা জানান, শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে রেহানের সঙ্গে সৈনিক লীগের যুগ্ম-আহ্বায়ক সবুজ সওদাগরের কথা কাটাকাটি হয়। এক পর্যায় রেহান বগুড়া জেলা আওয়ামী লীগ অফিসের ভেতরে আশ্রয় নেয়। সেখানেই সবুজ সওদাগর রেহানের বুকে ছুরিকাঘাত করে।
স্থানীয় লোকজন রেহানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় বিপুলসংখ্যক পুলিশ আওয়ামী লীগ অফিসের সামনে পাহারায় ছিল। তাদের সামনেই খূনের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিপক্ষের ক্যাডারদের আঘাতে গুরুতর আহত হয় বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সবুজ সওদাগর। তার মাথা ফেটে গেছে বলে জানা গেছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
নিহত রেহান বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়কের পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিক্সা মালিক সমিতির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। অটোরিক্সা থেকে চাঁদা আদায় নিয়েও সবুজ সওদাগরের সঙ্গে তার বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) মঞ্জুরুল হক ভুঞা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সবুজ সওদাগরের ছুরিকাঘাতে রেহান খুন হয়েছেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের অফিসের সামনে পুলিশের বিশেষ ক্যাম্প থাকা অবস্থায় একের পর এক খুনের ঘটনা ঘটলেও পুলিশ কিছুই করতে পারছে না। উৎস: নতুনবার্তা