সিসি নিউজ: ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দলের সভাপতিমণ্ডলীর পর এবার দলের সাধারণ সদস্যপদ থেকেও আব্দুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এর আগে মন্ত্রিপরিষদ থেকে অপসারিত হন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এর আগে দুপুরে ১৪ দলের এক সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম লতিফের ব্যাপারে আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনার মুখে মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেয়া হয়। ১২ অক্টোবর রাতে দলের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে দলের সভাপতিমণ্ডলীর পদ থেকেও অব্যাহতি দেয়া হয়।
ওই বৈঠকেই লতিফ সিদ্দিকীকে দলের সাধারণ সদস্যপদ থেকেও কেন অব্যাহতি দেয়া হবে না- এ ব্যাপারে কারণ দর্শাতে সাত দিনের সময় দিয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়। নোটিশটি মঙ্গলবার টাঙ্গাইলে তার বাড়ির ঠিকানায় পাঠানো হয়। সে অনুযায়ী বুধবার সময়সীমা শেষ হয়।
লতিফ সিদ্দিকী বর্তমানে কোথায় আছেন তা নিশ্চিত করে জানা না গেলেও ভারতে অবস্থান করছেন শোনা যাচ্ছে।