সিসি নিউজ: নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ছিড়াবদী আলসিয়াপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি পরিবারের ১০টি টিনের ঘর পুড়ে ভস্মীভূত হয়। এতে ৬ টি পরিবার সর্বশান্ত হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হচ্ছে, সামসুল হক, রহিম বকস, আহাদিদ, আনারুল হক, আজাহারুল হক। এ সময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে ফজলুল হক (৫০) ও নূর আমিন (১২) নামে এক শিশু সহ দুজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার ভোর রাতে স্থানীয় ফজলুল হকের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে আগুন দ্রুত ওই এলাকার ঘরগুলো পুড়ে ভস্মীভূত করে ফেলে। এ অগ্নিকান্ডে গরু, ছাগল, হাস, মুরগীসহ ঘরের ভিতরে থাকা টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।