রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে অভিনব কৌশলে সরকারি রাস্তার কর্তন করার অভিযোগে মোস্তফা ওরফে মোস্ত (২৭) নামের এক ব্যক্তিকে প্রধান আসামীসহ ৩ জনের নাম উল্লেখ করে ওই এলাকার রফিকুল ইসলাম নামের এক যুবক বাদী হয়ে রাজারহাট থানায় রোববার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার ছিনাই ইউপি’র মীরেরবাড়ী বাঙ্গালপাড়া গ্রামে। ওই গ্রামের আমজাদ হোসেনের পুত্র মোস্তফা ওরফে মোস্ত (২৭) দীর্ঘদিন ধরে মীরেরবাড়ী মৌজাস্থ রাজারহাট-সেলিমনগর পাকা রাস্তার দু’ধারে বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে আত্মসাত করে আসছে। প্রথমে সে টার্গেটকৃত গাছটির মগডাল কর্তন করে কিছুদিন রাখার পর রাতের আঁধারে সঙ্গীয় আরও ২-৩ জনের সমন্বয়ে একাধিক গাছ কর্তন পূর্বক আত্মসাত করার একাধিক অভিযোগ রয়েছে মোস্তফার বিরুদ্ধে। বিভিন্ন সময় বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধ চলাকালীন সময়ে সে সু-কৌশলে ওই এলাকায় গত দু’তিন বছরে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে আত্মসাত করার অভিযোগ করলেন স্থানীয় যুবক শাহিন (২২), সাহেদুল ইসলাম (২৭), নূর জামাল (৪৫)সহ একাধিক ব্যক্তি। সম্প্রতি সরকারি রাস্তার গাছ কেটে পুকুরে রাখে এবং খবর পেয়ে থানা পুলিশ তা উদ্ধার করে রাজারহাট থানায় নিয়ে আসার ঘটনাও ঘটেছে। পাশা-পাশি সরকারি রাস্তার ইট বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার এসব অত্যাচারে অতিষ্ট হয়ে মীরেরবাড়ী মৌজার বাসিন্দা মৃত নুরল হক ব্যাপারীর পুত্র রফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল রাজারহাট থানায় মোস্তফা ওরফে মোস্তকে প্রধান আসামী করে ৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। রাজারহাট থানার এ এস আই মো. জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি ওসি স্যারকে জানিয়েছি। গাছ পাওয়া না গেলেও অনেক কাঁচা ডালপালা পাওয়া গেছে।