সিসি নিউজ: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সরকার দলীয় কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।
বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সোমবার দুপুরে শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। বদির পক্ষে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু শুনানি করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবদুর রহমান বদির বিরুদ্ধে গত ২১ আগস্ট রাজধানীর রমনা মডেল থানায় মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, আবদুর রহমান বদির নামে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার অবৈধ সম্পদ রয়েছে। সম্পদ বিবরণীতে তিনি ওই পরিমাণ সম্পদ গোপন করেছিলেন। এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদকে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি উল্লেখ করা হয়েছে।
এই মামলায় বদি গত ১২ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর ১৬ অক্টোবর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আদালতেও তার জামিন আবেদন খারিজ হয়ে গেলে এ আদেশের চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিন আবেদন করেন বদি। এরই মধ্যে বদিকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে গত ১৯ অক্টোবর আদালতে আবেদন করে দুদক।