বিনোদন ডেস্কঃ দীপিকা পাডুকোন বলিউডে অভিষেক করেন ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে, ২০০৭ সালে। অথচ এর এক বছর আগেই তিনি বলিউডের ঝলমলে জগতে চলে আসতে পারতেন। তখন দীপিকা মডেলিং করতেন এবং এক বিজ্ঞাপনে তাকে দেখে সালমান অভিনয়ের প্রস্তাব দেন।
কিন্তু দীপিকা সে সময় প্রস্তাবে রাজি হননি। ঠিক এক বছর পরেই তিনি শাহরুখের বিপরীতে বলিউডে অভিষেক করেন। শোনা যায়, ‘এক থা টাইগার’ ছবির জন্যও নাকি প্রথমে দীপিকাকেই ভাবা হয়েছিল, কিন্তু শাহরুখের ইশারাতেই দীপিকা সে প্রস্তাবে রাজি হননি।
যেমন ‘কিক’ ছবির আইটেম সং করতেও রাজি হননি তিনি। অথচ বেশ কয়েকবারই প্রকাশ্যে সালমানের বিপরীতে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
অন্যদিকে তার বারবার প্রত্যাখ্যান সালমানের ভালো লাগেনি। তাই ‘প্রেম রতন ধন পাও’ ছবির জন্য প্রযোজক-পরিচালকের মূল পছন্দ দীপিকা হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত নেয়া হয় সোনম কাপুরকে। সালমানের ইচ্ছাতে নায়িকা বদল কি না- এমন গুঞ্জনের জবাবে তিনি বলেন, ‘নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি এসব বিষয়ে প্রযোজক বা পরিচালকদের সঙ্গে কথাও বলি না।’
তবে এবার হয়তো দুই পক্ষেরই বরফ গলেছে। আগামীতে যশরাজ ফিল্মসের এক ছবিতে একসঙ্গে অভিনয় করবেন সালমান ও দীপিকা। ছবিটি পরিচালনা করবেন ‘গুণ্ডে’ খ্যাত আলী আব্বাস জাফর।
‘এক থা টাইগার’ ছবির পর যশরাজের সঙ্গে এটিই হবে সালমানের দ্বিতীয় ছবি। আর নায়িকা দিপীকার সাথে প্রথম।