দিনাজপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মাস ব্যাপী রাস মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাস মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিক সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সল, উপজেলা আ’লীগের সভাপতি একেএম ফারুক, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান নাসিরুল ইসলাম, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপিত চিত্ত ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তপন চক্রবর্ত্তী, সদস্য প্রেম নাথ রায় প্রমুখ।
প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের সমান অধিকার ভোগ করে আসছে। তিনি ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে অনুষ্ঠিত রাস মেলার সাফল্য কামনা করেন।
প্রতিবছরের ন্যায় এবারও হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গন। মেলায় বিভিন্ন ধরনের আকর্ষনীয় প্রদর্শনী ও সার্কাস, যাত্রা, পুতুল নাচ ছাড়াও রয়েছে বিভিন্ন পণ্যের প্রসরা।
উল্লেখ্য, প্রতিবছর কার্তিক পুর্ণিমা তিথিতে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গনে রাস মেলা অনুষ্ঠিত হয়। রাস পূর্ণিমার রাত থেকেই এখানে ভীড় করে দেশ-বিদেশের হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শক। দুর-দুরান্ত থেকে পূণ্যার্থীরা এখানে আসেন মনোবাসনা ও পুণ্য লাভের আশায়, আবার কেউ আসেন মন্দির দর্শনে। এবার আগত ভক্তরা জানান, ইতোপুর্বে এখানে এসে মনোবাসনা পুরন হওয়ায় তারা আবার এসেছেন রাস পুর্ণিমার রাতে। পূর্নিমা রাতে ১২ টা ১ মিনিটে রাধা কৃষ্ণের বিগ্রহ রাজ বেদীতে পূজা অর্জনার মধ্য দিয়ে মেলার সুচনা হয়।