ঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, তারেক লন্ডনে ইতিহাস বিকৃতির স্কুল খুলে বসেছে। আর এখন সে স্কুল সকল সীমা অতিক্রম করেছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। নৌকা সমর্থক গোষ্ঠী এ অলোচনার আয়োজন করে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তারেক রহমান।
তারেক রহমানের ওই বক্তব্যের প্রতিবাদে শুক্রবার সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তারেক রহমানের বক্তব্যেকে ‘রাষ্ট্রদ্রোহী অপরাধ’ হিসেবে আখ্যায়িত করতে হবে। এ অপরাধে তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, তারেককে নিয়ে কিছু বলতে চাই না। সে লন্ডনে যে স্কুল খুলছে সেখানে তার একজন গৃহশিক্ষকও আছে।
সুরঞ্জিত বলেন, ‘তারেক মন্ত্রী ও নেতাদের নিয়ে কথা বললে ছাড় দেয়া যেত। সে কোথায় হাত দিছে! রাষ্ট্রকে বলবো, সবকিছুতে ছাড় দেয়া যায় না।
সুরঞ্জিত বলেন, তার এতো বড় স্পর্ধা। এটা কি পাগলামি? সে কি উন্মাদ। পাগলামির একটা স্টেজ আছে। এটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নৌকা সমর্থক গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।