গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে মেয়র অধ্যাপক আব্দুল মান্নানসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশও গুলি ছোড়ে।
প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের নারী কাউন্সিলর শিরিন চাকলাদার, বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম, ইউনুছ মিয়া ও রাশেদা বেগম,পথচারী জোয়েনা বেগম ও বিজয় মিয়া।