রংপুর: রংপুরে যুবলীগ নেতা ইমরানকে ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনাকে কেন্দ্র করে গাড়িতে আগুন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইমরানের সমর্থকরা। এতে রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমিনরহাট মহাসড়কে আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে স্থানীয় যুবলীগ নেতা ইমরানকে তার প্রতিপক্ষ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত ইমরানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে ইমরানের লোকজন লাঠিসোটা নিয়ে মোটরশ্রমিক ইউনিয়নের সেক্রেটারি এমএ মজিদের বাসায় হামালা চালান। গাড়িতে অগ্নিসংযোগ করে। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে বিক্ষোভ-ভাঙচুরের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের মারধরের শিকার হয়েছেন বৈশাখী টিভি ও আরটিভির দুই সাংবাদিক। এ সময় তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়।