সিসি নিউজ: উচ্চ মাধ্যমিক পাসের পর আগের বছরগুলোর মতোই দ্বিতীয় বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারার সুযোগের দাবিতে বুধবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করবেন আন্দোলকারীরা।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।
লিখিত বক্তব্যে কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা সালমান খান বলেন, ‘বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা যেখানে উন্মুক্ত, সেখানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে সেটা বরাবরই বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষায় মেধা অপেক্ষা অধ্যবসায়ের গুরুত্ব অনেক বেশি। তাই কেউ মেধায় হোক বা অধ্যবসায়ে যোগ্যতা অর্জন করতে পারলে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকা উচিত।’
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব পাবলিক কলেজের আহমেদ সাগর, ঢাকা সিটি কলেজের আবদুল্লাহ আল মামুন, ইউনির্ভাসিটি স্কুল অ্যান্ড কলেজের রিয়াজুল ইসলাম প্রমুখ।