খেলাধুলা ডেস্ক: সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৩ রানের জবাবে দ্বিতীয় দিনশেষে ভালো অবস্থানে সফরকারী জিম্বাবুয়ে। দিনেশেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান।
জিম্বাবুয়ের হয়ে হ্যামিল্টন মাসাকাদজা ৫১ ও সিকান্দার রাজা ৫৪ রানে অপরাজিত রয়েছেন।
বৃহস্পতবার টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির পর ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারের শেষ বলে রুবেল হোসেনের করা বলে উইকেটকিপার মুশফিকের হাতে কট দিয়ে ফেরেন ব্রায়ান চারি (০(।
তবে এরপরের গল্পটুকু মাসাকাদজা ও সিকান্দার রাজার। দ্বিতীয় উইকেট জুটি এই দুজন অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়লে দলকে স্বস্তিজনক অবস্থানে রেখেছেন।
সিকান্দার রাজার ৬৪ বলে ৫৪ রানের ইনিংসে ৯টি চারের মার রয়েছে। অন্যদিকে মাসাকাদজার ৮৬ বলে ৫১ রানের ইনিংসটি ৭টি চার ও একটি ছক্কায় সাজানো ছিলো।
এর আগে ইমরুল ও তামিমের জোড়া সেঞ্চুরি ও সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৫০৩ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ইমরুল ১৩০ ও তামিম করেন ১০৯ রান। এছাড়া সাকিব ৭১ ও মুমিনুল করেন ৪৮ রান।
বাংলাদেশের ৫শ’ রানের পাহাড়ে উঠার পেছনে অবদান রয়েছে রুবেল হোসেন ও জোবায়ের হোসেনেরও। এই দুজন শেষ উইকেট জুটিতে ৫১ রান করেন, যা বাংলাদেশের হয়ে রেকর্ড। রুবেল ৪৫ রান করেন এবং জোবায়ের করেন ৫ রান।
প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক (৪৬) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫) বৃহস্পতিবার ব্যাটিংয়ে নেমেছিলেন। কিন্তু প্রথম ঘণ্টায় তাদের ফিরে যেতে হয়েছে। মুমিনুল দ্বিতীয় দিনে আরো দুই রান যোগ করেছেন।
৪৮ রানে পানিয়াঙ্গার বলে থার্ড স্লিপে টেলরকে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ৪৮ রান করেছেন। মুমিনুল আউট হওয়ার পর রিয়াদও ব্যক্তিগত ১৬ রান করে মাসাকাদজার বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরেছেন। মুশফিক ১৫ রান করে মাসাকাদজার শিকারে পরিণত হয়েছেন। আউট হওয়ার আগে ১৫ রান করেছেন মুশফিক।
এরপর সাকিবের ব্যাটে টাইগার শিবিরে স্বস্তি ফিরে। সাকিব করেন ১১০ বলে ৭১ রান। তাকে যোগ্য সঙ্গ দেন শুভাগত হোম (৩৫)। সাকিবের বিদায়ের পর দ্রুত ফিরে যান তাইজুল (১)। অল্প সময়ের মধ্যে বিদায় নেন শফিউল (১০) ও ও শুভাগত (৩৫)।
৪৫২ রানে নবম উইকেট হারানো বাংলাদেশ শেষ জুটিতে রুবেল-জোবায়েরের বীরত্বে ৫০০ রান স্পর্শ করে। রুবেলের ৪৪ বলে ৪৫ রানের ‘ক্যামিও’ ইনিংসে ২টি চার ও চারটি ছক্কার মার রয়েছে।
জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ১২৩ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন। তিনাশে পানিয়াঙ্গারা, ‘দুই মাসাকাদজা’ শিঙ্গি ও হ্যামিল্টন-প্রত্যেকেই দুটি করে উইকেট লাভ করেন।
প্রথম দুই টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে আপাতত ২-০ তে এগিয়ে রয়েছে মুশফিকের দল। -ওয়েবসাইট