কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের তরলা-কাঠালিয়া গ্রামে শনিবার রাত ৮ টায় বিদ্যুতের শুভ উদ্বোধন অনুষ্ঠানে শতাধিক বিএনপি জামায়াতের কর্মী আ’লীগে যোগদান করেছে। যোগদানকারীরা আব্দুল মতিন এর নেতৃত্বে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের হাতে ফুলের তোড়া দিয়ে আ’লীগে যোগদান করেন।
বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু ভুপেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বলেন, আ’লীগ সরকার যখনই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তখনই দেশের উন্নয়নের কাজ করেন। বর্তমান সরকার দেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞ। বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ, রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে উন্নয়ন হয়েছে, তা কোন দিন কোন সরকারই করেন নাই। বিগত বিএনপি জোট সরকার শুধু লুটতরাজ ও নিজের স্বার্থ হাসিল করেছে, কিন্তু দেশ ও জনগনের কোন উন্নয়ন করিতে পারেন নাই। আর এদিকে যখন আ’লীগ সরকার দেশ ও জনগনের উন্নয়নের কাজ নিয়ে ব্যস্ত ঠিক তখনই ২০ দলীয় জোট সরকার হরতাল দিয়ে দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে। কিন্তু জনগন তাদের সেই হরতাল প্রতিহত করেছে কারণ জনগণ উন্নয়নে বিশ্বাসী। তাই তাদের হরতাল আর মানবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, আ’লীগ সহ-সভাপতি ও ২নং রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল গনি মাষ্টার, পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা পরিচালক আলহাজ্ব মাজিদুর রহমান খোকন ও আ’লীগ নেতা রাজেন্দ্র দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, জাতীয় সংসদের একান্ত সহকারী মোঃ কামাল হোসেন।