রংপুর: অব্যাহতি দেয়ার ৬৯দিন পর জাতীয় পার্টির প্রেসিডিয়াম পদে এলজিআরইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে পুনর্বহাল করা হলো।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়।
সুনীল শুভ রায় স্বাক্ষরিত একটি সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে তাকে দেয়া অব্যাহতিপত্র প্রত্যাহার করে নেয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত,গত ১০ সেপ্টেম্বর একই ধারায় সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেসিডিয়াম পদ থেকে জাতীয় পার্টির রংপুর মহানগর ও জেলা কমিটির সভাপতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং দফতর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতি দেন এরশাদ এবং জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
এ ঘটনার পর এখন সবাই বলছে, শিগগির তিনি মহানগর কিংবা জেলা জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদেও আসতে পারেন।