সিসি নিউজ: উত্তরাঞ্চলেরে আকাশ পথের প্রবেশদ্বার সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে। আর এমন খবরে আনন্দ প্রকাশ করেছে এ অঞ্চলের আপামর জনতা।
সূত্র মতে, গত বুধবার জাতীয় সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হচ্ছে বলে তিনি জানান। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মো. এনামূল হক তার সম্পুরক প্রশ্নে জানতে চান রাজশাহী বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা আছে কিনা। ওই সংসদের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে ভারত, নেপাল, ভূটানের সাথে যোগাযোগ ব্যবস্থা সৈয়দপুর বিমানবন্দরেই ভালো। তাই শীঘ্রই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে।
প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে জাতীয় পার্টির বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি সৈয়দপুর-কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
অপরদিকে টেলিভিশনের পর্দায় এমন সংবাদ দেখে এ অঞ্চলের মানুষ আনন্দ প্রকাশ করেছে।