রাঙামাটি: বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই পক্ষে সশস্ত্র সংঘর্ষে এক সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাঘাইছড়ি সদর ইউনিয়নের জীবতলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শ্যামল চাকমা। তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।
সূত্র জানায়, বিকেল থেকেই জীবতলি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সশস্ত্র ক্যাডারদের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে অভিযান চালায়।
বিজিবির সদস্যরা ৬৬ রাউন্ড তাজা গুলি, ৮২ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগজিন ও একটি মোবাইল সেট উদ্ধার করে। ঘটনাস্থলে শ্যামল চাকমার মৃতদেহ পড়ে থাকার কথাও নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবির মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল রবিউল ইসলাম (সিগন্যাল) জানান, ৬৪ রাউন্ড গুলিবর্ষণ করে সশস্ত্র দুই পক্ষকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করা হয়।