দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহৃত কিশোরী ফারহানাকে অপহরনের ১৩ দিন পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ভোরে পতিতালয়ের মালিক সরোয়ার হোসেনের বাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গত ১৩ নভেম্বর কিশোরী ফারাহানা তার গ্রামের বাড়ী পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের ধোপাকল থেকে পার্শ্ববতী খোলাহাটি বাজারে যায়। এরপর সে বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। রাতে ফারহানার মোবাইল ফোন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তার মাকে জানায়, ফারহানাকে অপহরণ করা হয়েছে। তবে এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে তারা গোপন সূত্রে জানতে পারে ফারহানা দৌলতদিয়া পতিতালয়ে রয়েছে।
এ ঘটনায় ফারহানার মামা শাহ আলম বাদী হয়ে গত ২৫ নভেম্বর পার্বতীপুর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। এই মামলার সূত্র ধরে পার্বতীপুর মডেল থানা পুলিশের এসআই মোস্তফা কামাল গোয়ালন্দ থানায় গিয়ে থানা পুলিশের সহযোগিতায় অপহৃত কিশোরী ফারহানাকে উদ্ধার করেন।