আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয়স্থান আল-আকসায় জোর করে প্রবেশের পক্ষে একটি পিটিশনে সই করেছেন ৫০ ইহুদি যাজক (রাব্বি)। পিটিশনে আগামীকাল রোববার জোর করে আল-আকসায় প্রবেশে ইহুদিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ওই যাজকেরা কট্টর ডানপন্থী ইহুদি আন্দোলনের সাথে সংশ্লিষ্ট।
বৃহস্পতিবার কট্টরপন্থী ওই গ্রুপটি জেরুজালেমের সন্ত্রাসী কার্যক্রমের জন্য মুসলমানদের দায়ী করে তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে পিটিশন খোলার কথা জানায়।
পিটিশনে সই দেয়া এক যাজক বলেন- টেম্পল মাউন্টে (আল-আকসা) আমাদের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সেখানে প্রবেশ করা। আমরা মনে করি সেখানে (আল-আকসা) আমাদের উপস্থিতি বিশুদ্ধ ও ঐতিহ্যগত ইহুদি শিক্ষা ও আইনের দ্বারা নির্দেশিত। আমরা এ মূল্যবোধ ধারণ করতে পেরে গর্বিত।
ওই পিটিশনে অনেক খ্যতানামা ইহুদি যাজকও সই করেছেন। এই ধর্মীয় নেতাদের কেউ কেউ এর আগে আরব মুসলমানদের হত্যার নির্দেশ দিয়ে ফতোয়া দিয়েছেন।
এছাড়াও ইসরাইলের অনেক যাজক (রাব্বি) ও রাজনৈতিক নেতারা আল-আকসায় জোর করে প্রবেশের পক্ষে সাফাই গেয়েছেন।
সূত্র: মিডলইস্ট মনিটর