রংপুর: রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে বুধবার দুপুরে একটি ভ্যারাইটি স্টোরে হামলা চালিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১২ টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে মুন্না ভ্যারাইটি স্টোরে রেক্সিন কিনতে যান পূর্ব গণেশপুর এলাকার ইদ্রিস আলীর পুত্র মেহেদী হাসান।
এ সময় দরদাম নিয়ে দোকানের মালিক মোজাম্মেল হকের(৪৫) সঙ্গে তার কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পরে মেহেদী তার ১০/১২ জন সতীর্থ নিয়ে দোকানে হামলা চালিয়ে মোজাম্মেল হককে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোজাম্মেলের বাড়ি পার্শ্ববর্তি দামোড়ারপুর এলাকার প্রেসিডেন্টের মোড়ে।
এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর অর রশিদ, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রেজওয়ান সিদ্দিকীর নেতৃত্বে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। তারা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সেখানে কর্তব্যরত পুলিশের এসআই হোসেন আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর অর রশিদ জানান, প্রকাশ্যে এভাবে একজন ব্যবসায়ীকে যেভাবে আঘাত করা হলো। তাতে আমরা নিরাপত্বাহীনতায় ভুগছি।