রফিকুল ইসলাম, রাজারহাট: ঘরোয়া দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের। ক্রমান্বয়ে দিন দিন বাড়ছে অসন্তোষ। থমকে গেছে উপজেলার সাংগঠনিক কার্যক্রম। এর প্রভাব পড়ছে তৃণমূলে। ক্রমেই বাড়ছে বিভক্তি। বর্তমান দু’টি গ্রুপে বিভক্ত রয়েছে উপজেলা আওয়ামী যুবলীগ। এক গ্র“পের ছায়া হিসেবে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান। অপর গ্রুপের দিকনির্দেশক বর্তমান চাকিরপশার ইউপি চেয়ারম্যান ও সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী। এ দু’টি ধারাকে উপলক্ষ করে রয়েছে আরও দু’একটি উপ-গ্রুপ। দলীয় সূত্রে জানা যায়, দলের গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর সংগঠনটির জেলা ও উপজেলার কমিটি গঠনের কথা থাকলেও রাজারহাট উপজেলা যুবলীগে ঘটেছে উল্টো। ২০০৩ সনে উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মো. আদম আলী সরকার সভাপতি ও সা. সম্পাদক পদে শহিদুল্লাহ আজাদ নির্বাচিত হন। বিগত দিনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে উপজেলা যুবলীগ রাজ পথে সক্রিয়ভাবে কাজ করে আসছিল। এরপর প্রায় দেড় বছর পূর্বে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হলে যুবলীগের সভাপতি আদম আলী সরকার আওয়ামীলীগের যুগ্ম সা. সম্পাদক পদে নির্বাচিত হন। এরপর থেকে যুবলীগ নিস্ক্রিয় হয়ে পড়ায় সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দৌড়-ঝাঁপ শুরু হয়। এরই এক পর্যায়ে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর রাজারহাট উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই বর্ধিত সভায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম জাহিদ উপস্থিত ছিলেন এবং তার অনুমতিক্রমে গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক ৯০ দিনের জন্য রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই প্রেক্ষিতে ওইদিন সন্ধ্যায় কুড়িগ্রাম সার্কিট হাউজে সরাসরি ভোটের মাধ্যমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক পদে কুমোদ রঞ্জন সরকার ও যুগ্ম আহ্বায়ক পদে মো. আশিকুল ইসলাম মন্ডল (সাবু) এবং সামিউল ইসলাম নির্বাচিত হন। ওই আহ্বায়ক কমিটি পুরো দখলে চলে যায় সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পীর অনুকুলে। পাশাপাশি আহ্বায়ক কমিটির পদবীতে উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান-এর সমর্থিত পক্ষের প্রার্থীরা বেশীর ভাগই অংশ নেয়া থেকে বিরত থাকে। এরপর শুরু হয় কমিটি গঠন করা নিয়ে টানা-পড়েন। ৯০ দিনের জন্য দেয়া ওই আহ্বায়ক কমিটির ৪১ সদস্যের মধ্যে পূর্বের পূর্ণাঙ্গ কমিটির পদধারীদের অনেকেরই ঠাঁই হয়নি। এ নিয়ে দু’টি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করে। সাবেক উপজেলা যুবলীগের ১নং যুগ্ম সা. সম্পাদক উশিল কুমার বর্ম্মন বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি তাদের মনগড়া কিছু সদস্য দিয়ে তৈরি করেছে। যাদেরকে কোন দিনও আন্দোলন-সংগ্রামে মাঠে দেখা যায়নি এবং যে ১০-১৫ জন সক্রিয় সদস্য কমিটিতে রয়েছে তাদের সঙ্গে আহ্বায়ক যুগ্ম আহ্বায়কদ্বয়ের কোন সমন্বয় নেই। তারা তাদের খুশিমত চলতে গিয়ে সংগঠনটির বারোটা বাজিয়েছে। বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মাজেদুর রহমান মন্ডল বুলন (৩৭), আলতাফ হোসেন রিজু (৪৪), মো. আসাদ হোসেন (৪০), হবিবর রহমান হবি (৩৫), আব্দুল আলিম ব্যাপারী (৩২), আবু বকর সিদ্দিক (৪২), আনোয়ার হোসেন (৩০) বলেন, শুনতেছি কেন্দ্রীয় ভাবে পত্র দিয়েছে আগামী ২৫ ডিসেম্বর ২০১৪ এর মধ্যে রাজারহাট উপজেলা যুবলীগের সম্মেলন করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি ৩ মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ প্রায় চলছে দেড় বছর। এ পর্যন্ত ৭টি ইউনিয়নের মধ্যে একটি ছাড়া ৬টিতে এখন পর্যন্ত তারা সম্মেলন করেননি। পাশাপাশি একটি বর্ধিত সভাও অনুষ্ঠিত হয়নি। তারা আক্ষেপ করে আরও বলেন, যাদেরকে কাউন্সিলার করা হয়েছে তাদের তালিকাও এ পর্যন্ত তারা প্রকাশ করেননি। রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সালাম মাষ্টার বলেন, বর্তমান যুবলীগের আহ্বায়ক কমিটি যা শুরু করছে, এটা ছেলেমি খেলা ছাড়া কিছুই নয়। আওয়ামীলীগের সহযোগি সংগঠন হিসেবে তাদেরকে প্রোগ্রামে পাওয়া যায় না। বুঝিনা, এরা নিজেরা কোন দল করে। এ বিষয়ে রাজারহাট উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম মন্ডল (সাবু) বলেন, কাউন্সিলারদের চূড়ান্ত তালিকা তৈরি করা নিয়ে যে অভিযোগটি উঠেছে তা সঠিক নয় এবং ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়ন দু’টিতে সম্প্রতি যুবলীগের দু’দিন সভা করে উপস্থিত সদস্যদের স্বাক্ষর নেয়ার কথা তিনি জানিয়েছেন।
এদিকে বর্তমান যুবলীগের আহ্বায়ক কমিটির ৪১ সদস্যের ২৩ জন ওই কমিটির উপর অনাস্থা এনে বুধবার কুড়িগ্রাম জেলা যুবলীগের সভাপতি/সা. সম্পাদক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করার খবর সূত্রে জানা গেছে। বর্তমান ও পূর্বের পুর্ণাঙ্গ কমিটির একাধিক পদধারী নেতারা অবিলম্বে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন পূর্বক রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার জোর দাবী জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সা. সম্পাদক হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নিকট।