সিসি নিউজ : মহান বিজয় দিবস পালন উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে; ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৫ থেকে ১৮ ডিসেম্বর দুঃস্থ ও গরিব লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান।
বিবৃতিতে ডা. শফিক বলেন, বর্তমান সরকার ও সংসদ কোনটাই বৈধ নয়। সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য স্বৈরশাসক জেনারেল এরশাদকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে গৃহপালিত বিরোধীদল তৈরী করেছে। কার্যত বর্তমানে জাতীয় সংসদ বিরোধীদল শূন্য। সরকার বিরোধী দলগুলোকে রাজপথে নামতে দিচ্ছে না। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। বর্তমান স্বৈরাচারী সরকার ও ৯০’র পতিত স্বৈরাচার মিলে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রের প্রাণ কেন্দ্র জাতীয় সংসদকে অকার্যকর করে রাখা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রীতিনীতিকে ধ্বংস করে দেয়া হচ্ছে। দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলনের কোন বিকল্প নেই। বর্তমান সরকারের দু:শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
জামায়াতের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য তিনি সংগঠনের সকল শাখার প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।