আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্ব তুর্কিস্তানের উইঘুর সম্প্রদায়ের আট জন মুসলিমকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়ার সংবাদে বলা হয়, আট জনের মৃত্যুদণ্ডের পাশাপাশি আরো পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামীদের বিরুদ্ধে একটি ট্রেন স্টেশনে ছুরি নিয়ে আক্রমণের পাশাপাশি একটি উন্মুক্ত বাজারে হামলার অভিযোগ করা হয়েছিল। গত এপ্রিলে পূর্ব তুর্কিস্থানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি ট্রেন স্টেশন পরিদর্শনের প্রাক্কালে এই হামলা চালানো হয়।
চীনের পূর্ব তুর্কিস্তানে হামলা বৃদ্ধির পাশাপাশি সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। গত বছর হামলায় কমপক্ষে ২ শত লোক নিহত হয়। চীন রাষ্ট্রীয় টেলিভিশনে কয়েকজন আসামীর সাক্ষাত্কার সম্প্রচার করা হয়। সাক্ষাত্কারে তারা বলেন যে, তারা ভুল পথে পরিচালিত হয়েছেন এবং তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন।
তবে নির্বাসিত বিশ্ব উইঘুর কংগ্রেসের মুখপাত্র ডিলাক্স রেক্সিট একটি ইমেল বার্তায় বলেন, ‘এমন স্বৈরতান্ত্রিক পরিবেশে ন্যায়বিচার পাওয়া অসম্ভব। চীনের চরমপন্থী নীতির কারণেই সেখানে এমন ঘটনা ঘটছে।’
নির্বাসিত উইঘুর গ্রুপ এবং মানবাধিকার কর্মীরা জানান, জিনজিয়াংয়ে চীনা সরকারের ইসলামকে কঠোরভাবে নিয়ন্ত্রণসহ ব্যাপক দমননীতি সেখানে অস্থিরতার জন্য দায়ী।
সূত্র: এপি