সিসি ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীদের রাত ১০টার পর হলে প্রবেশে ও বাইরে যেতে ‘নিষেধাজ্ঞা’ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল প্রভোস্ট অধ্যাপক ড. শ্যামল কুমার রায় কর্তৃক স্বাক্ষরিত এক লিখিত আদেশে জাহানারা ইমাম হলের ছাত্রীদের ক্ষেত্রে এ নিয়ম চালু করা হয়েছে। এই ঘটনায় আজ বুধবার রাত ৯টায় হলের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন হলের ছাত্রীরা।
লিখিত আদেশে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনিক নিয়ম অনুযায়ী হলের গেট রাত ১০টায় বন্ধ করা হবে। গেট বন্ধ হয়ে গেলে কোনো শিক্ষার্থী হলের বাইরে যেতে পারবে না বা বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে না।’
একই সঙ্গে শিক্ষার্থীদের শনাক্ত করার সুবিধার্থে প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এই নিয়মের বিরোধিতা করে তা বাতিলের দাবি জানিয়েছে ‘প্রগতিশীল ছাত্র জোট’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার বেলা ২টার দিকে জোটের সংগঠক মাসুক হেলাল অনিক কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা হতাশার সাথে লক্ষ্য করছি যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ভাবে ছাত্রীদের স্বাধীনতা খর্ব করাসহ হয়রানি ও বৈষম্যমূলক আচরণ করছে। অহেতুক ছাত্রী হলে খবরদারি-নজরদারি কোনো সুফল বয়ে আনবে না।’
তারা অবিলম্বে হলে উপস্থিতির (এটেনডেন্স) নামে হয়রানি ও প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি বাতিল করার দাবি জানান। এইসঙ্গে আজ (বুধবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে বিক্ষোভ মিছিল করারও ঘোষণা দিয়েছেন তারা।
উল্লেখ্য, নবনির্মতি শেখ হাসিনা হলেও একই নিয়ম করেছে হল কর্তৃপক্ষ।