সিসি নিউজ: দিনাজপুরের খানসামায় ফসলক্ষেতে ক্ষতিকর পোকার ডিম ও মাটি বাহিত বিভিন্ন রোগের জীবাণু ধ্বংসে ধান গাছের মুড়ি পোড়া অভিযান শুরু হয়েছে। বুধবার বিকালে আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর বস্নকে প্রায় ১৫ হেক্টর জমিতে ধান গাছের মুড়ি পোড়ানো হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা এজামুল হক, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মজিবর রহমান এবং সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কর্মকর্তাগণ কৃষকদের বলেন, ধান গাছের মুড়ি পুড়িয়ে দেয়ার ফলে কারেন্ট পোকা (বাদমী গাছ ফড়িং), মাজরা পোকা, চুঙ্গি পোকা, সবুজ ঘাস ফড়িং, লেদা পোকা, সবুজ পাতা ফড়িং ও নলী মাছির ডিম, কীড়া এবং ব্লাস্ট, বিএলবি, খোল পচা, ধানে খৈ ফোটা (লক্ষ্মীর গু), খোল পাড়া রোগের জীবাণুবাহী অবশিষ্টাংশসহ মাটি বাহিত কৃমি, মাটির নিচে থাকা কাটুই পোকা ধ্বংস হয়। এতে করে একদিকে যেমন ক্ষতিকর পোকার বংশ ধ্বংস হচ্ছে অন্যদিকে মুড়ি পোড়া ছাই থেকে আবাদি জমিতে পটাসিয়াম ও সালফার যোগ হচ্ছে।