সিসি ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীদের রাত ১০টার পর হলে প্রবেশ ও বাহির হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করছে ছাত্রীরা।
বুধবার রাত দশটার পর বিভিন্ন হলের ছাত্রীরা হল ছেড়ে বাইরে বেড়িয়ে আসে এবং বিক্ষোভে অংশ নেয়। মিছিল করে তারা উপাচার্যের বাসভবন এলাকাসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিল থেকে ছাত্রীরা নতুন নিয়ম বাতিলের জোর দাবি জানায়।তারা এসময় বিভিন্ন শ্লোগান দেন।
উল্লেখ্য, রাত ১০টার পর হলে প্রবেশে ও বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করে হল প্রভোস্ট অধ্যাপক ড. শ্যামল কুমার রায় কর্তৃক স্বাক্ষরিত এক লিখিত আদেশে জাহানারা ইমাম হলের ছাত্রীদের ক্ষেত্রে এ নিয়ম চালু করা হয়েছে।
লিখিত আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক নিয়ম অনুযায়ী হলের গেট রাত ১০টায় বন্ধ করা হবে। গেট বন্ধ হয়ে গেলে কোনো শিক্ষার্থী হলের বাইরে যেতে পারবে না বা বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে না।
একই সঙ্গে শিক্ষার্থীদের শনাক্ত করার সুবিধার্থে প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও নবনির্মতি শেখ হাসিনা হলেও একই নিয়ম করেছে হল কর্তৃপক্ষ।
উৎস: ঢাকাটাইমস