রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুর-দিনাজপুরের রেল পথের তিলাই নদী সংলগ্ন স্থানে রেল লাইনের গতিপথ পরিবর্তন হওয়ায় রেললাইন সংলগ্ন ১১টি পাকা বাড়ী বৃহস্পতিবার উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। সেই সাথে বন্ধ করে দেওয়া হয়েছে পার্বতীপুর শহরের পানি নিষ্কাষনের ৬’শ মিটার মাষ্টার ড্রেন। তবে উচ্ছেদ চলাকালে উচ্ছেদের আওতা ভূক্ত আমির আলীর বাড়ীটি ছেলের বিবাহ অনুষ্ঠান চলার কারনে উচ্ছেদ কাজ বন্ধ রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিট্রেট জোবায়ের রহমান রাশেদ, রেলওয়ের লালমনির হাট ডিভিশনের ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী, এইএন আরিফুজ্জামান, এসএসএই নারায়ন চন্দ্র।
এলাকাবাসীর অভিযোগ তিলাই নদীর উপর সদ্য নির্মিত ব্রীজটি নির্মান কাজে বাঁকা হওয়ায় ব্রীজ না ভেঙ্গে রেলপথকে বাঁকা করতে গিয়ে উচেছদ অভিযান চালাচ্ছে কর্মকর্তারা।
এব্যাপারে পার্বতীপুর পৌর সভার প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ বলেন, উচ্ছেদ অভিযান চালালেও পৌর সভাকে অবগত করেনি রেল কর্তৃপক্ষ। তারা বাঁকা ব্রীজকে ঠিক রেখে রেল লাইনের গতিপথ পরিবর্তন করায় ১১টি বাড়ী ভেঙ্গে ফেলেছে সেই সাথে পৌর সভার পানি নিষ্কাষনের জন্য ব্যবহৃত ৬০০ মিটার মাষ্টার ড্রেন ভেঙ্গে ফেলেছে। এতে করে শহরের পানি নিষ্কাষন বন্ধ হয়ে গেছে।
তবে দিনাজপুর রেলওয়ের এইএন আরিফুজ্জামান বলেন, ব্রীজ বাঁকার বিষয়টি অস্বীকার করে বলেন, রেল লাইনকে সোজা করতেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। রেলের জায়গার উপরদিয়ে যেহেতু মাষ্টার ড্রেন তৈরী করেছে পৌরসভা সেহেতু পৌর সভাকে অবগত করা হয়নি।
পার্বতীপুরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা
দিনাজপুরের পার্বতীপুরে স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের এরিয়া অপারেটিং ম্যানেজারের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানান জেজেডি ফ্রেন্ডস ফোরাম। সার্বিক সহযোগীতায় ছিলেন পার্বতীপুর জিআরপি থানা ও রেলওয়ে এরিয়া অপারেটিং ম্যানেজার। অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে এরিয়া অপারেটিং ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার। বিশেষ অতিথি পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান, রংপুর রেলওয়ে ষ্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুস জব্বার, পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার জিয়াউল আহসান।
মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন শহীদ পরিবারের সদস্য বিশিষ্ট সমাজসেবী ও পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, রেলওয়ে পুলিশের সদস্য বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, রেলওয়ে কর্মচারী বীর মুক্তিযোদ্ধা আমির আলী ও রেলওয়ে কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মিলন পারভেজ, ও মোক্তারুজামান মোকতার।