ঢাকা : রাজধানীর হাজারীবাগের তিন মাজার মসজিদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ৪৮ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি নিহত হয়েছেন। তার নাম আবদুস সাত্তার (গাল কাটা সাত্তার)। স্থানীয়রা জানিয়েছেন, রোববার বেলা ২ টার দিকে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। আবদুল সাত্তার সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ঘনিষ্ঠ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ২০০৪ সালে পুলিশ তাকে গ্রেফতার করেছিলো। পরে জামিনে মুক্তি পায় সে। তিনি ট্যানারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের ভাই আবদুল মোতালেব জানিয়েছেন, বেলা ২টার দিকে হাজারীবাগ ট্যানারি মোড়ে ৮২, মনেশ্বর রোডের বাসা থেকে বের হওয়ার ৫ মিনিট পরেই তাকে গুলি করা হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় সাত্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা ২টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাজারীবাগ থানার ডিউটি অফিসার হুমায়ুন কবির জানান, এধরণের একটি সংবাদ তিনি শোনেছেন। তবে বিস্তারিত কিছুই জানেন না তিনি।