সিসি নিউজ: গাজীপুর জয়দেবপুর বাজার এলাকার জনতা ব্যাংক শাখা থেকে ৬০ লাখ ৭১ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টাকা চুরির ঘটনা জানাজানি হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে জযদেবপুর থানা পুলিশ গিয়ে ব্যাংক থেকে আলমত সংগ্রহ করেছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম জানান, শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার সকাল পর্যন্ত যে কোনো সময় চোরেরা নিরাপত্তাকর্মীকে নেশা খাইয়ে অজ্ঞান করেন। পরে ব্যাংকে প্রবেশ করে বিকল্প চাবি দিয়ে লকার খুলে ৬০ লাখ ৭১ হাজার টাকা নিয়ে যায় তারা। তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের নিরাপত্তাকর্মী নুরুল ইসলামকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের শাখা থেকে টাকা চুরির একাধিক ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরের শেষ দিকে জয়পুরহাটে ব্রাক ব্যাংকের ২ কোটি টাকা চুরি এবং গত মার্চে বগুড়ায় সোনালী ব্যাংকের ভল্ট থেকে ৩০ লাখ টাকা চুরি ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এছাড়া সুড়ঙ্গ কেটে ব্যাংকের টাকা চুরি কিংবা চুরির প্রচেষ্টার একাধিক ঘটনা ঘটছে।