সিসি নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীরা যে উদ্দেশে জীবন দিয়েছিলেন তা এখনও পূরণ হয়নি। আজ দেশ মুক্ত, তবে আমরা এখনও পরাধীন অবস্থায় আছি। কারণ মুক্তিযুদ্ধের সময়ের মতো এখনও দেশে গুম-খুন চলছে। দেশে কোনো গণতন্ত্র নেই। তবে গণতন্ত্র আসতেই হবে। এটা জনগণের চাহিদা। এটা এমনিতেই আসবে না। আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
‘বিএনপি আন্দোলন করতে পারবে না’ বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, হানিফ সরকারের লোক, তিনি তো এসব কথাই বলবেন। কারণ তারা খুব ভাল করে বুঝতে পেরেছেন তারা অবৈধভাবে ক্ষমতায় আছেন। আর এ ক্ষমতা টিকিয়ে রাখতে তারা যা করার দরকার তা করবেন।
তিনি আরও বলেন, হানিফ সাহেব আন্দোলন বলতে কী বুঝিয়েছেন? আন্দোলন কি শুধু খুনোখুনি? আমরা খুনোখুনিতে বিশ্বাস করি না। বিএনপি এটা করতে চায় না। আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। সরকার এভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।
বিএনপির আন্দোলন নিয়ে মাথা না ঘামিয়ে আপন কাজ সঠিকভাবে করতেও হানিফকে পরামর্শ দেন মির্জা আব্বাস। রোববার (১৪ ডিসেম্বর) মিপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।