আন্তজাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার লিনডট চকোলেট ক্যাফেতে বন্দুকধারীদের হাতে আটককৃতদের মধ্যে পাঁচ জিম্মি বের হয়ে এসেছে। ঘটনাস্থলে উপস্থিতি প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে। বাকিদের উদ্ধারের অভিযান রাতে চালানো হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
হামলার পরপরই মন্ত্রীদের নিয়ে জরুরি সভা করেছেন অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট।
অস্ট্রেলিয়ান পুলিশ কমিশনার ক্যাথেরিন বার্ন বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ। সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে ৫ জিম্মি মুক্ত বের হয়ে এসেছে।”
তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ঘটনাটি সমাধান করতে চাচ্ছি আর তাতে সময় লাগতে পারে।” পুলিশ রাতে অভিযান শেষ করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক সাংবাদিক জানান, “আমরা কয়েকজনকে লিনডট ক্যাফে থেকে বের হয়ে আসতে দেখেছি। তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে পুলিশ।”
কতজন ক্যাফেতে জিম্মি রয়েছে এ বিষয়ে ক্যাথেরিন বলেন,“ আমরা যে সংখ্যাটি অনুমান করছি তা সঠিক নাও হতে পারে। ঠিক কতজন আছে তা স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে সংখ্যাটি ৩০ এর বেশি হবে না।”
স্থানীয় সময় সকাল নয়টায় অস্ট্রেলিয়ার সিডনির এক ক্যাফেতে অস্ত্রের মুখে সেখানে আসা মানুষদের জিম্মি করে বন্দুকধারীরা। দেশটির টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা যায়, দেয়াল ঘেঁষে হাত উঁচু অবস্থায় ক্যাফেতে আসা কয়েকজন দাঁড়িয়ে আছে। ক্যাফে কর্তৃপক্ষ দাবি করেছে, সেখানে বন্দুকধারীরা ভেতরের মানুষদের জিম্মি করে রেখেছে।
এছাড়া, আরবি অক্ষর লেখা একটি কালো পতাকাও দেখা যায় পেছনে। আইনশৃঙ্খলা বাহিনী এখন ক্যাফেটি ঘিরে রেখেছে।
তবে, কী দাবিতে বা উদ্দেশ্যে ক্যাফের সবাইকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সাধারণ নাগরিকদের এখন ওই এলাকার দিকে না যেতে আহ্বান জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। এছাড়া, সিডনি অপেরা হাউজ থেকেও কর্মী ও দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে, এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট। অ্যাবট বলেছেন, “অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত।” তারা দ্রুতই ঘটনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন বলে তিনি বিশ্বাস করেন।– হেরাল্ড সান।