
চট্টগ্রাম : কাপ্তাইয়ে চিৎমরম ব্যাঙছড়ি এলাকায় স্কুলছাত্রীকে হত্যার প্রতিবাদে মহান বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান বর্জন করে কাপ্তাই উপজেলা সদরে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করবে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং সর্বস্তরে সাধারণ মানুষ।
সোমবার দুপুর দেড়টার দিকে কাপ্তাই উপজেলার চিৎমরম ব্যাঙছড়ি এলাকার পাহাড়ে ছবি মারমা (১৪) নামের স্কুল ছাত্রীকে গলা কেটে করে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে এই স্কুল ছাত্রীকে ধর্ষনের পর গলা কেটে হত্যা করা হয়।
কাপ্তাইয়ের ওয়াগগা ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা জানান, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের এবারের জেএসসি পরীক্ষার্থী ছবি মারমা নৃশংসভাবে হত্যার ঘটনায় সমগ্র কাপ্তাই উপজেলায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এই ন্যাক্কারজনক ও নৃশংস ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিজয় দিবসের দিন কাপ্তাই উপজেলা সদর বরইছড়িতে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করবে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাবে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রীরা বিজয় দিবসের কর্মসূচিও বর্জন করবে।