দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের কসবায় শুক্রবার ভোরে সার কারখানা এলাকা হতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল আটক করেছে। তবে মোটরসাইকেলের দু’আরোহী পালিয়ে যায়।
দিনাজপুর পুলিশের গোয়ান্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোটরসাইকেলযোগে দুই মাদক ব্যবসায়ী সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে শহরের দিকে আসার সময় কসবা এলাকায় তাদের গতি রোধ করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেল ও ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে রাখা ৫০ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেলটি আটক করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের পক্ষ হতে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।