ঢাকা: বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার এখলাসউদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
বুধবার ভোর ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
এখলাসউদ্দিনের স্বজনরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত প্রায় একমাস ধরেই হাসপাতালে ছিলেন এখলাসউদ্দিন। অবস্থার অবনতি হওয়ায় গত পাঁচদিন ধরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
১৯৪০ সালে কলকাতায় জন্মগ্রহণকারী এখলাসউদ্দিন আহমদ শিশুসাহিত্যে অবদানের জন্য ২০০০ সালে একুশে পদকে ভূষিত হন।
এছাড়া ১৯৬২ সালে পশ্চিমবঙ্গ যুব উৎসব পুরস্কার, ১৯৭১ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৮৩ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে শিশু একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি।
‘এক যে ছিল নেংটি’; ‘হঠাৎ রাজার খামখেয়ালী’; ‘কাটুম কুটুম’; ‘ছোট্ট রঙিন পাখি’ তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য।